পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে নিয়ে হঠাৎ ছড়িয়ে পড়া ‘হত্যা হয়েছে’–গুজবে উত্তাল হয়ে উঠেছে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার এলাকা। টানা তিন সপ্তাহ ধরে তার পরিবারের কাউকেই সাক্ষাতের অনুমতি না দেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। তথ্যের স্বল্পতার কারণে গুজবও দ্রুত ছড়িয়ে পড়ছে—বিশেষ করে ভারতীয় ও আফগান সামাজিক যোগাযোগমাধ্যমে।
মঙ্গলবার ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার তিন বোন—নরিন, আলিমা ও উজমা—কারাগারের সামনে অবস্থান নেন। পিটিআই সমর্থকরাও সেখানে জড়ো হন। অভিযোগ উঠেছে, শান্তিপূর্ণ অবস্থানে থাকা বোনদের ওপর পুলিশ আকস্মিকভাবে লাঠিপেটা চালায়। নরিন খানের দাবি, তাদের চুল ধরে টেনে রাস্তায় ফেলে দেওয়া হয় এবং অন্ধকার করে পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালায়।
ইমরান খান গত ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি। তার পরিবারের অভিযোগ—তাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে; দেখা করার অনুমতি মিলছে না, বই বা প্রয়োজনীয় জিনিসও দেওয়া যাচ্ছে না। এমনকি আইনজীবীদের সঙ্গেও সাক্ষাৎ সীমিত করা হয়েছে।
পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান বর্তমানে “সম্পূর্ণ একাকী অবস্থায়” আছেন। দলটি ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে। অভিযোগ রয়েছে, কারাগারের প্রশাসন একজন সেনা কর্মকর্তার নির্দেশে চলছে, যার কারণে খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়েল আফ্রিদির সাতবার চেষ্টার পরও সাক্ষাতের অনুমতি মেলেনি।
ইমরানের পরিবার ও দলীয় নেতাদের দাবি—পরিস্থিতি অস্বাভাবিক, এবং তার সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে।