রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ হঠাৎ আগুনের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৪ মিনিটে আগুনের সূত্রপাতের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টি ইউনিট টানা প্রচেষ্টায় মাত্র ১৮ মিনিটের মধ্যেই, অর্থাৎ ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুনটি হাসপাতালের তালাবদ্ধ একটি পরিত্যক্ত এক্সরে রুমে লেগেছিল। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুনের ধোঁয়া দেখা মাত্র কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং হাসপাতালে থাকা রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।