প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লক্ষ্মীপুরে পৌরসভায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডে নিম্ন মানের খোয়া ও ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ করার অভিযোগ উঠেছে। নতুন রাস্তা পেয়েও পুনরায় দূর্ভোগের পথে জনগণ।

 

দীর্ঘদিন পৌর এলাকার ৩নং ওয়ার্ড আমজাদ পাটওয়ারী সড়কের বেহাল অবস্থা ছিলো। সম্প্রতি লক্ষ্মীপুর পৌরসভা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। পৌরসভার সূত্রে জানাযায় ৫৯৫ মিটার দৈর্ঘ্যের এই রাস্তা সংস্কার ও ২১৪ মিটার ড্রেন নির্মানের জন্য ৬৭,৯৭,১২৬ (সাতষট্টি লক্ষ সাতানব্বই হাজার একশত ছাব্বিশ) টাকা বরাদ্দ হয় । কাজটি পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স হাইড্রোটেক লিমিটেড যার মালিক শামিম সুলতান। কিন্তু কাজ পরিচালনা করছেন লোকমান হোসেন, তিনি সাবেক পৌরসভার ৩নং ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা অভিযোগ করে বলেন, কাজটি শুরু থেকেই নানান অনিয়ম করে আসছে ঠিকাদার। নিম্নমানের খোয়া এবং ইট দিয়ে চলছে রাস্তা সংস্কারের কাজ, মনে হয়না তিন-চার মাসের বেশি টিকবে, এমন হলে সংস্কার করার চেয়ে না করাই ভালো।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটিতে খোয়া দিয়ে কাজ চলছে। প্রায় অর্ধেক রাস্তায় খোয়া ফেলা শেষ, বাকি অংশে ফেলার জন্য যে ইট এনেছে সেগুলিও নিম্নমানের।

 

এসব বিষয়ে লোকমান কমিশনারের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, দুই নাম্বার ইট এনেছি সেগুলোকে এক নাম্বারের সাথে মিলিয়ে রাস্তার গর্ত সমান করার জন্য, আর দুই নাম্বার ইট তো কিনে এনেছি, ফ্রীতে না। নিয়মেও এমনি বলা আছে, একের সাথে দুই মিলানো যাবে। তিনি আরো বলেন, কোনো ঠিকাদারই এক নাম্বার ইট দিয়ে কাজ করেনা, এটা সম্ভব না। এছাড়া তিনি কোন অনিয়ম করছেন না বলে দাবি করেন।

 

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এই রাস্তার কাজের মানের ব্যপারে আমি অবহিত হয়েছি, ইতোমধ্যেই নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি যে, যেকোনো মূল্যে কাজের সর্বোচ্চ গুনগত মান বজায় রেখে কাজ করতে হবে আর সে যেটি বলেছেন সেটি মোটেও সত্য নয়, এধরণের কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন হয়নি যে এক নাম্বারের সাথে দুই নাম্বার মিক্স করা যাবে। এর পরেও সে কোনো অনিয়ম করলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা