বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডব্লিউএমআরআই) সপ্তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিতত্ত্ববিদ ড. মো. মাহফুজ বাজ্জাজ। কৃষি মন্ত্রণালয়ের ১৯ নভেম্বর জারি করা অফিস আদেশে তার নিয়োগ কার্যকর করা হয়।
দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে মোট ৪১টি গবেষণা প্রবন্ধ প্রকাশের মাধ্যমে তিনি গবেষণা অঙ্গনে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। ড. বাজ্জাজের জন্ম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ডাংশের ঘাট গ্রামে।
দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালের ২৭ নভেম্বর থেকে ২০০১ সাল পর্যন্ত বারি’র পাবনা কৃষি গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালের ১৫ জুলাই থেকে ২০০৯ সালের ১৯ এপ্রিল পর্যন্ত গম গবেষণা উপকেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এবং ২০০৯ সালের ২০ এপ্রিল থেকে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
গম গবেষণা উপকেন্দ্রে দায়িত্বে থাকাকালে তিনি কৃষক পর্যায়ে একই জমিতে বছরে চার ফসল উৎপাদনের ধারাটি সফলভাবে বাস্তবায়ন করেন, যা প্রশংসিত হয়। পরবর্তীতে নশিপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।