প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিভ্রান্ত ভ্রমণ

মুহাম্মদ জাভেদ হাকিম
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ রেলওয়ে একটি আবেগের নাম। আমরা যারা ৯০ দশক হতে ভ্রমণ নেশায় আসক্ত তাদের জীবনের সঙ্গে ট্রেন যাত্রার নানান ভালোমন্দ দিক ওতোপ্রোতো ভাবে জড়িয়ে রয়েছে। রাত ৯টার ট্রেন কয়টায় আসবে কারোই ঠিকঠাক মত জানা ছিলো না।

তবে ট্রেন যাত্রীরা ধরেই নিতো কম করে হলেও দেড় দুইঘন্টা লেট হবে। কখনোবা ২৫ তারিখ রাত ১১ টার ট্রেন পরদিন ২৬ তারিখ রাত দেড়টায় স্টেশনে আসতো। সেই এক তিক্তমধুর অভিজ্ঞতা। এরপরেও ট্রেন যাত্রা ভালো লাগতো। ভালোলাগতো তাদের ক্যাটারিং সার্ভিস। কাটলেট,পাউরুটি টোস্ট মুখে পুড়লেই ট্রেনের অপেক্ষায় থাকা সব ধকল নিমিষেই উবে যেতো। আহ সেই স্বাদ।

অথচ এই ২০২৫ সালে এসে স্টেশনে এসেছে চাকচিক্য, ট্রেনের রঙ্গে এসেছে উজ্জ্বলতা। খাবারের প্যাকেট বেশ কালারফুল। দামটাও বেশ। কিন্তু খাবারের মান তলানীতে। ট্রেন যাত্রায় কাটলেট আমার চাই চাই। অথচ এবার কক্সবাজার গামি পর্যটক এক্সপ্রেসের কাটলেট খেয়ে পুরাই আমি হতাশ। মুখে দিতেই মনে হলো এ যেনো তেলে চুবানো আটার গোল্লা। আহ কাটলেট তুমি বহুকাল ভোজনরসিকদের জিহ্বায় দাপুটে পদচারণার পর ২০২৫ সালে এসে চরমভাবে মার খেয়ে গেলে পর্যটকবাহী ট্রেন পর্যটক এক্সপ্রেসে। রাতে ৪জনের বার্থ কেবিন,যা দিনের আলোয় ৬ জনের সিটিং। এখানেও যাত্রীরা হন বিভ্রান্ত।

আরামদায়ক ভ্রমণের জন্য জনপ্রতি ৬৯৫টাকা, ১৩২৫ টাকা মূল্যের টিকেট না কেটে, কাটি ১৫৯০ টাকা। সঙ্গে আবার ভ্যাট। বেশি টাকা দিয়ে এ যেনো আজাব কিনছি। বিরক্তি নিয়ে ভ্রমণ সঙ্গী নাজমুলকে জিজ্ঞাসা করলাম কি টিকেট কিনলা? মাথা সোজা করে বসা যায় না! সহযাত্রী মুহাম্মদ মাহফুজুল ইসলাম স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে যাচ্ছেন কক্সবাজার। তিনিও এরকমটা দেখে বেশ বিভ্রান্ত হলেন। যেমনটি আমি ভেবেছিলাম সিট সিস্টেমের ভাবনা মাথা থাকায়। কিছুক্ষণ পর এলো টিকেট চেক করার জন্য ট্রেন এটেন্ডেট। তাকে জানালাম কেবিনে ময়লার ঝুড়ি নেই। তিনি পাঠাচ্ছেন বলে আর পাঠালেন না। জানিনা শেষ বেলায় পাঠান কিনা।

ততোক্ষণে হয়ত গন্তব্য পৌঁছে যাবো। সব কিছু মিলিয়ে চকচক বাড়লেও সেবার মান, খাবারের মান অত্যন্ত নিম্নগতিতে। আর সবচেয়ে কষ্টকর হতে যাচ্ছে ঘাড় সোজা করে বসতে না পারার,ঠিকঠাক মত ট্রেন চললেও দীর্ঘ ৮ ঘন্টা ২৫ মিনিটের দুর্বিষহ জার্নি।

লেখকঃ মুহাম্মদ জাভেদ হাকিম, সাংবাদিক; ভ্রমণ সংগঠন দে’ ছুট এর চিফ অর্গাইনাজার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা