ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে আটক বাউলশিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
রাশেদ খাঁন লেখেন— “বাউল আবুল সরকারের মুক্তি নয়, তার উপযুক্ত শাস্তিই প্রয়োজন। তিনি যে বক্তব্য দিয়েছেন, তা স্পষ্টভাবে সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি করার উদ্দেশ্যে বলা হয়েছে।”
তিনি আরও বলেন, “একজন শিল্পী হিসেবে শিল্পচর্চা করার স্বাধীনতা তার আছে। কিন্তু ধর্ম, আল্লাহ, কিংবা অন্য কোনো ধর্মীয় সম্প্রদায় নিয়ে কটূক্তি করার অধিকার কারও নেই। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের প্রতি সম্মান দেখানো আমাদের সাংবিধানিক অধিকার।”
রাশেদ খাঁনের দাবি, যারা আবুল সরকারের মুক্তি চাইছেন তারা আগে তার দেওয়া মন্তব্য শুনে দেখুন। তার মতে, আবুল সরকারের বক্তব্য শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেনি, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট করার চেষ্টা করেছে।
তিনি আরও সতর্ক করে বলেন, “বাংলাদেশের আইনে তার উপযুক্ত বিচার হলে ভবিষ্যতে কেউ ধর্ম নিয়ে এমন ধরনের মন্তব্য করতে সাহস পাবে না। সমাজে শান্তি বজায় রাখাই আমাদের লক্ষ্য, কোনো ধরনের ধর্মীয় বিভাজন নয়।”
উল্লেখ্য, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় পালাগানের আসরে আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পরে ১৯ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ঘিওর থানায় দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।