প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবি ছাত্রী সুমি খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে অধ্যয়নরত ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী মোছা. সুমি খাতুন আর নেই। কুষ্টিয়ার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্য ও সহপাঠীরা জানান—রাত ১টার দিকে তিনি আত্মহত্যা করেন। পুলিশও প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই জানিয়েছে।

ঘটনার কিছুক্ষণ আগে সুমি নিজের ফেসবুকে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন—“SORRY 2 ME…”। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম তার মৃত্যুর খবর জানান এক পরিচিত ব্যক্তি, আব্দুস সালাম।

পরিবারের ভাষ্য অনুযায়ী, সুমি দীর্ঘদিন ধরে ফাইব্রাস ডিসপ্লেশিয়া নামের একটি বিরল রোগে ভুগছিলেন। বারবার অস্ত্রোপচার হলেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি। হাড় ক্ষয়, লাগাতার যন্ত্রণা, শারীরিক দুর্বলতা—সব মিলিয়ে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। তবুও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেন এবং স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করতেন।

সহপাঠীরা বলেন, শারীরিক যন্ত্রণা ও সীমাবদ্ধতা তাকে এক সময় একাকী করে দেয়। পরিবারকে বোঝা হয়ে যাওয়ার কষ্ট ও দীর্ঘ দিনের অবসাদ হয়তো তাকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।

তার ছোট খালা মোসা. কাঞ্চনী জানান, ফজরের নামাজের আগ মুহূর্তে বাবা-মা রুমে গিয়ে সুমিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নামানো হয়। সকালে পুলিশ এসে তার চিকিৎসার রিপোর্ট ও পরিবারের বক্তব্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

সুমি খাতুনের মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর শোক নেমে এসেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা