গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে “উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব ২০২৫”। ‘এটা দেশ বদলাবে, পৃথিবী বদলাবে’ স্লোগানে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্থানীয় তরুণ উদ্যোক্তা বিকাশের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন ছিল উৎসবমুখর।
মেলায় জেলার বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা অংশ নেন। এতে প্রদর্শিত হয় ঘরে তৈরি নানা ঐতিহ্যবাহী পিঠা, হস্তশিল্প, কৃষিপণ্য ও নারীদের তৈরি উদ্ভাবনী সামগ্রী। উদ্যোক্তারা বলেন, এ ধরনের মেলা নারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রাখে।
সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশু থেকে বৃদ্ধ—সকল বয়সী মানুষের পদচারণায় জমজমাট হয় পরিবেশ। দর্শনার্থীরা বিভিন্ন পিঠার স্বাদ গ্রহণ ও প্রদর্শনী ঘুরে দেখে আনন্দ উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা, যিনি স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম ও মেলার গুরুত্ব তুলে ধরেন।
সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাচনাত নারী উদ্যোক্তা ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে মত প্রকাশ করেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শকদের মনোরঞ্জন করেন।
স্থানীয়রা জানান, উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব শুধু ব্যবসা নয়, বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনের একটি বড় প্ল্যাটফর্ম।
দিনব্যাপী প্রদর্শনী ও বিক্রির মধ্য দিয়ে উৎসবটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।