চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইউনেস্কো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং চাকসুর সহযোগিতায় ‘SOCIAL AND MENTAL WELLBEING’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়।
সেমিনারে চবির উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আয়ূব ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, চাকসু জিএস সাঈদ বিন হাবিব এবং এজিএস আইয়ুবুর রহমান তৌফিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানসিক রোগ বিশেষজ্ঞ ও মোটিভেশনাল বক্তারা বিভিন্ন সেশন পরিচালনা করেন। অধ্যাপক সৈয়দ তানভীর রহমান শিক্ষার্থীদের জন্য প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রায় ৭০০ শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন আমাদেরকে একটি সুন্দর সুযোগ দিয়েছে। আমরা নিজেও ভালো থাকব এবং অন্যদের ভালো রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের মানসিক কাউন্সিলের বিভিন্ন সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকব।”
অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, “মানুষ সবসময় সমস্যা ও সম্ভাবনা নিয়ে জীবনযাপন করে। নিজেকে জানতে হবে, তৈরি করতে হবে এবং জীবনের লক্ষ্য ঠিক করে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মানসিক, শারীরিক ও সামাজিকভাবে সুস্থ থাকা আমাদের উদ্দেশ্য।”
ড. মোহাম্মদ আয়ূব ইসলাম যোগ করেন, “সামাজিক ও মানসিক সুস্থতা একজন ব্যক্তির প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়।”
সেমিনারে শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে তারা নানা ধরনের প্রশ্ন ও মতামত প্রকাশ করেন।