আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে এবং জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন।”
জবাবে শার্লি বচওয়ে জানান, নির্বাচন ও নির্বাচন–পরবর্তী প্রক্রিয়ায় বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত কমনওয়েলথ। তিনি বলেন, “কমনওয়েলথের ৫৬টি দেশের মধ্যে জি-৭ ও জি-২০ সদস্যও রয়েছে—যা পারস্পরিক সহযোগিতার বড় সুযোগ তৈরি করে।”
মহাসচিব আরও জানান, তিনি ইতোমধ্যে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলোচনায় বসেছেন।
বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তিনি গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ শিগগিরই একাধিক দল পাঠাবে।