জাতীয় নির্বাচন ও গণভোট একই তারিখে আয়োজন করলে ব্যয় কিছুটা বাড়তে পারে, তবে বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা জানান, তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশন প্রয়োজনীয় যেসব বাজেট চাবে, সরকার তা বরাদ্দ দেবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যার ব্যয় বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ, তবে বিশ্বের বহু দেশ এভাবে নির্বাচন পরিচালনা করে থাকে। তাই বাংলাদেশেও এটি করা সম্ভব।
এ ছাড়া তিনি জানান, জ্বালানি মন্ত্রণালয় পরিশোধিত তেল আমদানির অনুমোদন দিয়েছে। আর চালের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে নন-বাসমতি চাল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সাধারণত ৪০–৫০ হাজার টনের কম হয় না।
দেশের ব্যবসায়ীদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম এভাবে ওঠানামা করে না। এসব পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সরকারেরও কার্যকর ভূমিকা প্রয়োজন।