আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মামলার জট উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, মোট মামলার অন্তত এক-তৃতীয়াংশ লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হবে।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালত উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা জানান, শুধু আইন মন্ত্রণালয়েই ২১টি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়িত হয়েছে, যা বিচারব্যবস্থার গতি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। তার প্রত্যাশা, এসব উদ্যোগের ফলে আগামী পাঁচ বছরে মোট মামলার সংখ্যা অর্ধেকে নেমে আসবে।
তিনি আরও বলেন, সংস্কার অবশ্যই বাস্তবসম্মত ও ধাপে ধাপে হওয়া উচিত। অতিরিক্ত সংস্কারের চাপে যেন রাষ্ট্রীয় কাঠামো দুর্বল না হয়ে পড়ে— সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।