সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানায়, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৩.৪৩।
গালফ নিউজে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে রেকর্ড করা হয়। মদিনা ও তাবুক অঞ্চলের মাঝে অবস্থিত এই এলাকা সৌদি আরবের অন্যতম সুপরিচিত আগ্নেয় লাভা অঞ্চল।
এদিন সৌদির পাশাপাশি ইরাকেও একটি ভূমিকম্প পর্যবেক্ষণ করা হয়। এসজিএস জানায়, প্রতিবেশী দেশে রিখটার স্কেলে ৫.০৯ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
উভয় দেশের ভূমিকম্পে এখনো কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।