প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকাত বাহিনীর পরিত্যক্ত বিদেশি পিস্তল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাঘা, রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল থেকে ডাকাত ও দস্যুচক্রের ব্যবহৃত বিদেশি পিস্তলসহ তিন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব–৫। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গড়গড়ী ইউনিয়নের খায়েরহাট চর এলাকা থেকে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

 

র‍্যাব–৫ জানায়, গত ২৭ অক্টোবর চরের দখল, বালুমহল নিয়ন্ত্রণ ও বাথান নিয়ে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে মারা যান। পরে নদী থেকে আরও একজনের লাশ উদ্ধার হয়। ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে।

 

এরই ধারাবাহিকতায় সম্প্রতি পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মার চরাঞ্চলে নজরদারি বাড়ানো হয়। রাতে অভিযানে গিয়ে র‍্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করতে সক্ষম হন।

 

উদ্ধারকৃত অস্ত্রগুলো পরে বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান। তিনি বলেন, “চরাঞ্চল থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো বহুদিনের পুরোনো ও জংধরা। এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা