মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
রবিবার (২৩ নভেম্বর) এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডিত এই দুই ব্যক্তিকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চিঠিটি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে এবং ভারত সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পরপরই বাংলাদেশ তাদের ফেরত পাঠাতে ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানায়।
এর আগে গত বছরের ২০ ও ২৭ ডিসেম্বর ভারতকে দুই দফা চিঠি পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি। তবে সাম্প্রতিক রায়ের পর বাংলাদেশ আবারও আনুষ্ঠানিক অনুরোধ জানালো।
রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দণ্ডিতদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি অবমাননা ও বন্ধুসুলভ আচরণের পরিপন্থী। ভারতের বরাবরই বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন থাকার কথা উল্লেখ করে দণ্ডিতদের দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ববর্তী বিবৃতিতে জানিয়েছিল, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতে তারা গঠনমূলক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।