ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ হয়ে প্রবেশ করা সখিনা বেগমের জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
রোববার (২৩ নভেম্বর) সকালে তাকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে দুপুর পৌনে ২টার দিকে শুনানির জন্য সখিনা বেগমকে আদালতে উপস্থাপন করা হয়। তার আইনজীবী অ্যাডভোকেট রহমাতুল্যাহ সিদ্দিক আদালতে জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন।
সকল দিক বিবেচনা শেষে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বিকেলে সখিনা বেগমের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১০ তারিখে তার জামিন আবেদন খারিজ হওয়ায় তাকে জেলহাজতে রাখা হয়েছিল।
জানা যায়, প্রায় পাঁচ মাস আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে ভারতের আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রাম থেকে স্থানীয় পুলিশ সখিনা বেগমকে আটক করে। পরবর্তীতে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। তবে এই সময় তার পরিবারকে কিছু জানানো হয়নি।
পরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকার মিরপুর এলাকায় তাকে দেখতে পায় বিবিসি। সেখানে ৬৮ বছর বয়সী সখিনা দাবি করেন, বিএসএফ তাকে জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে তার দেওয়া ঠিকানা ধরে বিবিসি বাংলার প্রতিনিধি আসামে গিয়ে তার পরিবারকে খুঁজে পান।