কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল মাননীয়া শার্লি বোটচওয়ের সঙ্গে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন—সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন, মতিউর রহমান আকন্দ এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন, মানবাধিকার পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনার শেষে উভয় পক্ষই বাংলাদেশে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।