বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ সম্মানী ভাতা চালুর পরিকল্পনা রয়েছে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, ধর্মীয় নেতৃত্বকে বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
রোববার (৩১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সমাজে ভিন্নমত যেন বিভেদ বা ফেৎনার কারণ না হয়, সে বিষয়ে আলেম-ওলামাদের সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানদের স্বার্থরক্ষা এবং ধর্মবিরোধী তৎপরতা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থে ভুল ব্যাখ্যা বা বিভাজন তৈরি হলে ধর্মীয় অঙ্গনে অস্থিরতা দেখা দিতে পারে। তাই ইসলামী স্কলারদের মাঝে মতবিরোধ কমিয়ে ঐক্যবদ্ধ ভূমিকায় কাজ করার আহ্বান জানান তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে আলেম-ওলামাদের সমর্থন কামনা করেন।