২০২৫–২৬ কর বছরের ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে রিটার্ন দাখিল করা যাবে।
রোববার (২৩ নভেম্বর) এনবিআরের এক সরকারি বিজ্ঞপ্তিতে সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।
এনবিআর জানায়, ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যেই আয়কর রিটার্ন জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির হিসাবে, এ পর্যন্ত ১৮ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তবে তাঁরা ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে উপকর কমিশনারের কাছে লিখিত আবেদন করতে পারবেন।
চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক রাখা হয়েছে।