বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারি সফরে ঢাকায় আগত ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।
রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকটি দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উষ্ণতার প্রকাশ ঘটায় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সাক্ষাতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুই নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে দু’দেশের সহযোগিতাকে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সূত্র জানায়, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ফলপ্রসূ কথা হয়েছে। উভয় পক্ষই বহুমুখী অংশীদারিত্ব জোরদার করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন।
বৈঠকে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সফরসঙ্গী প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
আলোচনার সময় ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ইচ্ছা প্রকাশ করেন।
বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রী স্মারক ছবি তোলেন এবং বঙ্গভবনের অতিথি বইয়ে স্বাক্ষর করেন।