প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

”আর নয় আর নয়, জোড়া তালির সংস্কার”স্লোগানে উত্তাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

জাওয়াদ শাহরিয়ার 
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের তিন আবাসিক হল—লতিফ ছাত্রাবাস, কাজী মোতাহার হল ও জহির রায়হান ছাত্রাবাস—একাধিক বার ভূমিকম্পে কেঁপে উঠার পর শিক্ষার্থীরা মারাত্মক নিরাপত্তাহীন পরিস্থিতির মুখে পড়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে প্রায় ৭০ বছরের পুরোনো লতিফ ছাত্রাবাস, যাকে শিক্ষার্থীরা এখন “মৃত্যুকূপ” বলে আখ্যা দিচ্ছেন।

২২ নভেম্বর পরপর দুই দফা ভূমিকম্পের পর শিক্ষার্থীরা আর হলে ফেরেননি।

প্রাণের ঝুঁকি মনে করে তারা বালিশ, কাঁথা, তোষক, ব্যাগসহ ব্যক্তিগত জিনিস নিয়ে রাস্তার ওপরেই অবস্থান নেন।

“নিরাপত্তা নিশ্চিত করো — নয়তো হল বন্ধ করো”

“আর নয় আর নয়, জোড়া তালির সংস্কার”

সহ আরো বিভিন্ন স্লোগানে তারা প্রতিবাদ জানান।

 

রাস্তায় বসে থাকা শিক্ষার্থীরা বলেন“হলে থাকার চেয়ে রাস্তায় থাকা বেশি নিরাপদ মনে হচ্ছে।”

 

নিরাপত্তাহীনতার চরম অবস্থায় শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন তারা সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জন করেছেন।

 

শিক্ষার্থীদের দাবি— “যে হলে মাথার ওপরের সিলিং মুহূর্তে ভেঙে পড়তে পারে, সেই হলের শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষা নেওয়া অমানবিক। নিরাপত্তা ছাড়া আমরা ক্লাস–পরীক্ষায় ফিরব না।”

লতিফ হলের দেয়াল, কলাম, বিম ও সিলিং বহু আগেই ফেটে গেছে।

প্রতিটি রুমে ৪ জনের জায়গায় ১০–১২ জন শিক্ষার্থী গাদাগাদি করে থাকেন।তিন হাজারেরও অধিক শিক্ষার্থীর জন্য আছে মাত্র একটি গেট, যা ভূমিকম্পের সময় মারাত্মক বিপদ তৈরি করে।

 

২১ নভেম্বরের ভূমিকম্পে ভবনের অংশ ভেঙে পড়ে বহু শিক্ষার্থী আহত হন।

 

২২ নভেম্বর আবার দুই দফায় ভূমিকম্প হলে দ্রুত বের হতে গিয়ে আরও তিনজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 

এক শিক্ষার্থী বলেন—“ভবনটা কাঁপলেই মনে হয় সব ভেঙে মাথার ওপর পড়বে। তাই আমরা রাস্তায় বসেছি, ক্লাস–পরীক্ষা বর্জন করেছি।”

 

 

শিক্ষার্থীদের প্রধান দাবি

১. হলগুলোর অবিলম্বে পূর্ণাঙ্গ কাঠামোগত পরীক্ষা ও সংস্কার

২. অস্থায়ী নিরাপদ আবাসনের ব্যবস্থা

৩. জরুরি নির্গমন পথ (Emergency Exit) যুক্ত করা

৪.নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস–পরীক্ষা বন্ধ ঘোষণা

 

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের সদস্য সচিব মিজানুর রহমান জানান, এই আন্দোলন শিক্ষার্থীদের জন্য সময়ের দাবী এবং যৌক্তিক। তাই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরাম এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছে এবং সর্বোচ্চভাবে সহযোগিতার মাধ্যমে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি ‘।

 

ইতিমধ্যেই শিক্ষার্থীদের আংশিকভাবে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে ক্যাম্পাস প্রশাসন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা