প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভূমিকম্পের পর দেশজুড়ে ঘূর্ণিঝড়ের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার যে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, তার রেশ কাটতে না কাটতেই শনিবারও একাধিক আফটারশকে উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশবাসী। এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী ২৫/২৬ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে—আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণাংশে—একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ধীরে ধীরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

গবেষকের মতে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানে আঘাত হানতে পারে। সম্ভাব্য সময়সীমা ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্য। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, সম্ভাব্য বৃষ্টিপাতের আগে পাকা আমন ধান কাটা-মাড়াই শেষ করে ফেলা উচিত। শীতকালীন সবজির চাষিদেরও বীজ বোনা, জমি প্রস্তুত ও সেচ ব্যবস্থার দিকে নজর রাখতে হবে। ৩০ নভেম্বর পর্যন্ত দেশে রোদ্রজ্জ্বল আবহাওয়াই বিরাজ করতে পারে।

২৮ নভেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় ৩০ নভেম্বরের মধ্যে উপকূলে ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে। ২৯ নভেম্বরের পর নতুন করে সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ–সেন্ট মার্টিন রুটের সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকতে পারে। তাই এ সময়ে ভ্রমণ পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সবশেষে গবেষক জানান, আগামী মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় উপকূলে প্রভাব ফেলতে পারে—তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা