কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় নানা আয়োজনে উদযাপন করেছে তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, র্যালি, ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া এবং ইরানি চলচ্চিত্র প্রদর্শন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কার্যক্রম শুরু করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এর আগে আবাসিক হলগুলোতে জাতীয় ও হল পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
কেক কাটার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং ছাত্র-শিক্ষক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর এলাকায় গিয়ে শেষ হয়, যেখানে উপাচার্যের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ড. আলীনূর রহমান। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা, শিক্ষা ও নেটওয়ার্কিং আরও বিস্তৃত করা হবে। তিনি জানান, ইকসু’র ড্রাফট ইউজিসিতে জমা দেওয়া হয়েছে এবং তা শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
দিনব্যাপী আয়োজন শেষে কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে মিলনায়তনে প্রদর্শন করা হয় একটি ইরানি চলচ্চিত্র।