প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনের দিনে গণভোট হলে জেনোসাইডের আশঙ্কা দেখছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে বড় ধরনের সহিংসতার ঝুঁকি সৃষ্টি হতে পারে। তার ভাষায়, “নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা এটা চাই না।”

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এখনো কাঙ্ক্ষিত লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তবে সেটা তৈরি করতেই হবে। নির্বাচন না হলে দেশে নতুন সংকট দেখা দেবে, আর জামায়াত কোনোভাবেই অস্থিতিশীলতা দেখতে চায় না।

ফেব্রুয়ারিতে ভোট হবে কি-না—এমন প্রশ্নে তিনি বলেন, “ইনশাআল্লাহ নির্বাচন হবে।”
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনই স্থানীয় নির্বাচন নিয়ে ভাবার সুযোগ নেই এবং অবাস্তব দাবি তারা উত্থাপন করতে চান না।

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য কোনো আনুষ্ঠানিক জোট করবে না জামায়াত। তবে বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে। চট্টগ্রামের সব আসনে জামায়াতের প্রার্থী জয়ের কোনো নির্দিষ্ট বার্তা না দিয়ে তিনি বলেন, “আমি জনগণের বিজয় চাই। আমরা জনগণের পক্ষে আছি।”

চট্টগ্রামে পৌঁছাতে তিনি হেলিকপ্টারে এসে প্যারেড মাঠে অবতরণ করেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা