প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘নির্বাচন বিলম্বে সক্রিয় চক্র এখনো ষড়যন্ত্রে’: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিতে এখনো একটি মহল সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত আলোচনাসভায় তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, একদিকে নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, অন্যদিকে একটি গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টি ও প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণ এসব তৎপরতা কোনোভাবেই গ্রহণ করবে না।

আমীর খসরু আরও বলেন, বিএনপি কখনো জোর-জবরদস্তির রাজনীতি করে না। দলটি সংঘর্ষ নয়—সহনশীলতা ও মতের স্বাধীনতায় বিশ্বাস করে। ভিন্নমত থাকলেও অন্যের মতকে শ্রদ্ধা করার অবস্থানই গণতন্ত্রের মূল চেতনা।

তিনি অভিযোগ করেন, যারা কক্ষে বসে সিদ্ধান্ত নিয়ে তা জনগণের ওপর চাপিয়ে দেয় তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। সত্যিকারের গণতান্ত্রিক দল জনগণের কাছে যায়, জনগণের মতকেই প্রাধান্য দেয়।

গণতন্ত্র রক্ষায় বিএনপি এখনও অনেক সহনশীলতা দেখাচ্ছে দাবি করে তিনি বলেন, বিএনপি ও গণতন্ত্র পরস্পর পরিপূরক। দলটি একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যই হলো বিএনপির শক্তি। যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। সিদ্ধান্তের চূড়ান্ত বিচারক জনগণ।

নির্বাচনকে ‘যুদ্ধ’ আখ্যা দিয়ে আমীর খসরু বলেন, এই যুদ্ধে জয়ী হতে হবে—অন্যথায় হারবে গণতন্ত্র। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবার ঐক্য জরুরি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা