জামালপুরের সরিষাবাড়ীতে তিন মানবিক সংগঠনের যৌথ উদ্যোগে হতদরিদ্র মনোহর আলীর হাতে নতুন একটি ভ্যান তুলে দেওয়া হয়েছে। ভ্যানটি চুরি যাওয়ার পর পরিবার নিয়ে চরম সংকটে পড়ে ভিক্ষাবৃত্তিতে নামতে বাধ্য হয়েছিলেন তিনি। নতুন ভ্যান পাওয়ায় আবারও কর্মজীবনে ফেরার সুযোগ পেলেন মনোহর।
ডোয়াইল ইউনিয়নের দোলভিটী গ্রামের বাসিন্দা ৩৮ বছর বয়সী মনোহর আলী দুই সন্তানের বাবা এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। এনজিও থেকে ঋণ নিয়ে জীবিকার জন্য ভ্যান কেনার পর কয়েক মাস আগে তা চুরি হয়ে যায়। আয়ের পথ বন্ধ হয়ে গেলে পরিবারের খরচ মেটাতে তিনি অসহায় হয়ে পড়েন।
তার এই দুঃসহ অবস্থার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন এবং সাংবাদিক আবুল হোসেন ভূঁইয়া। পোস্টটি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে ‘নব উত্থান ফাউন্ডেশন’, ‘সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশন’ ও ‘প্রিয় সরিষাবাড়ী’ ফেসবুক গ্রুপের সদস্যদের। তারা যৌথভাবে তহবিল সংগ্রহ করে মনোহরের জন্য নতুন ভ্যান কিনে দেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দোলভিটি কৃষ্ণচূড়া মোড়ে আনুষ্ঠানিকভাবে ভ্যানটি হস্তান্তর করা হয়। এতে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজকর্মীরা অংশ নেন।
নতুন ভ্যান পেয়ে আবেগে ভেঙে পড়েন মনোহর। তিনি বলেন,
“চুরি হওয়ার পর জীবন থমকে গিয়েছিল। আজ থেকে আবার নিজের কাজে ফিরতে পারবো—এটা আমার কাছে নতুন জীবনের মতো।”
এ উদ্যোগ সম্পর্কে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম বলেন,
“এ ধরনের মানবিক সহায়তা মানুষকে কর্মক্ষম করে তোলে। সমাজের সবাই এগিয়ে এলে আরও অনেক অসহায় মানুষ ঘুরে দাঁড়াতে পারবে।”
সংগঠনগুলোর প্রতিনিধিরা জানান, মনোহর যাতে পুনরায় আর্থিক সংকটে না পড়েন—সেজন্যই তাদের এই প্রচেষ্টা।