প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নরসিংদীতে শক্তিশালী ভূমিকম্পে নিহত তিন: আহত অন্তত ৭০

রাজ উদ্দিন, নরসিংদী প্রতিনিধি:
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে জেলার তিনজনের মৃত্যু এবং অন্তত ৭০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই শক্তিশালী কম্পনে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ভূমিকম্পের সময় গুরুতর আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই আরেকজনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট তিনজনের প্রাণহানি ঘটল। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব-স্টেশনে ভূমিকম্পের ধাক্কায় আগুন ধরে যায়, যার ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এছাড়া একই এলাকার একটি ডেইরি ফার্মের মাঠে মাটি ফেটে বড় ফাটল সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বাড়ি, দোকানপাট এবং বহু তলা ভবনে ফাটল ও হেলে পড়ার খবর পাওয়া গেছে।

 

নিহতদের মধ্যে সদর উপজেলার গাবতলি এলাকার ৮ বছরের শিশু ওমর ও তার বাবা নির্মাণসামগ্রীর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ওমর মারা যায়। পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়ায় মাটির ঘর ধসে ৭৫ বছরের কাজেম আলী ভুঁইয়া প্রাণ হারান। আর ডাংগা ইউনিয়নের নাসির উদ্দিন ভূমিকম্পের মুহূর্তে আতঙ্কে স্ট্রোক করে মারা যান।

 

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী সদর ও পলাশ উপজেলার মধ্যবর্তী অঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, যা দেশের বিভিন্ন জায়গায় তীব্রভাবে অনুভূত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা