প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চবি বুদ্ধিজীবী চত্বরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং চাকসুর সহযোগিতায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৯ ও ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত এ মেলায় নবীন উদ্যোক্তারা তাদের নিজস্ব ব্র্যান্ড, পণ্য ও উদ্ভাবনী সৃষ্টিকর্ম প্রদর্শনের সুযোগ পান।

দুই দিনের আয়োজনে দর্শনার্থীরা ঘুরে দেখেছেন ৩০টিরও বেশি স্টল, যেখানে প্রদর্শিত হয় খাদ্যপণ্য, পোশাক, হ্যান্ডমেড সামগ্রী, সৃজনশীল হস্তশিল্পসহ নানা নতুন ব্যবসায়িক ধারণা। উদ্যোক্তারা বলেন, এমন আয়োজন তরুণদের উদ্ভাবনী চিন্তা ও ব্যবসায় উদ্যোগকে আরও উৎসাহিত করবে।

২০ নভেম্বর সোশ্যাল সায়েন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

এ আয়োজন সফল করতে নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ চবি কমিটির ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ এবং চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ বাংলাদেশের ন্যাশনাল কোঅর্ডিনেটর আমিনুল ইসলাম শরীফ এবং ন্যাশনাল কমিউনিটি কোঅর্ডিনেটর মো. আবিদ শাহারিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আনজুম শোভন এবং দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন,” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের সৃজনশীলতার এমন প্রাণবন্ত মেলবন্ধন নিঃসন্দেহে ক্যাম্পাসে উদ্যোক্তা চর্চাকে আরও গতিশীল করে তুলেছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা