প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা মিজানুর রহমান আজহারী মুসলিমদের সতর্ক করেছেন যে, তারা কখনো গুজবের বাহক বা মাইক হতে পারেন না। তথ্য শেয়ার করার আগে যাচাই করা অপরিহার্য, কারণ যাচাইহীন তথ্য ছড়িয়ে দেওয়াই অপপ্রচার ও গুনাহের পথ।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়ড ফেসবুক পেজে তিনি একটি ফটোকার্ড শেয়ার করে এই মন্তব্য করেন। পাশাপাশি কমেন্টবক্সে তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। কোনো মুসলিম কিছু শুনে বা দেখেই যাচাই-বাছাই ছাড়াই শেয়ার করতে পারবে না।
আজহারী বলেন, ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ। অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই সোশ্যাল মিডিয়ায় দেখলেই কিছু শেয়ার করা উচিত নয়; তথ্যসূত্র যাচাই করে তারপরই শেয়ার করতে হবে। যাচাই না করলে অনেক সময় প্রকাশিত সংবাদ মূল ঘটনার কাছাকাছিও থাকে না।