প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫

বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। আদালত জানিয়েছে, রায় ঘোষণার পরবর্তী ৩০ দিনের মধ্যে আসামিরা চাইলে আপিল করতে পারবেন।

এর আগে চলতি বছরের ২ জুন মৃত্যুদণ্ড বহাল রাখার ঘোষণা দেওয়া হলেও আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত ২৯ মে মামলার ডেথ রেফারেন্স ও সকল আপিল শুনানি শেষ হয়।

যাবজ্জীবন দণ্ড বহাল থাকা আসামিরা হলেন—টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, কনস্টেবল সাগর দেব, বাহারছড়ার নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। ঘটনার পাঁচ দিন পর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলা করেন।

পরবর্তীতে র‍্যাব তদন্ত শেষ করে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়, যেখানে ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ হিসেবে উল্লেখ করা হয়।

২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি সাত আসামি খালাস পান। পরে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডিতরা আপিল করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা