প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

বুধবার (১৯ নভেম্বর) মধ্যরাতে ২ নম্বর গেইট এলাকায় রাহমানিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের মোহাম্মদ আলমাস মাহমুদ রাফিদ। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী জামাদিউল আউয়াল সুজাত, মোহাম্মদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মোহাম্মদ রিদওয়ান ও আরিফসহ আরও কয়েকজন।

এ ঘটনায় ভুক্তভোগী বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে তিনি জানান, ১৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে অবস্থানকালে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী আল মাসরুর ফাহিম, নূর সানি ও জমাদিউল আউয়াল সুজাত তাকে হুমকি দেয়। প্রক্টর অফিসের সামনে থাকা “হাদিস মুছে চারুকলা ইনস্টিটিউটের নাম লেখায়” সামাজিক যোগাযোগমাধ্যমে চারুকলার মানহানি হয়েছে—বিষয়টি নিয়ে চারুকলার ম্যাসেঞ্জার গ্রুপে প্রতিবাদ করায় তাকে টার্গেট করা হয় বলে অভিযোগ করেন রাফিদ।

অভিযোগে আরও বলা হয়, স্টেশন থেকে ভ্যানে করে ২ নম্বর গেইটে আসার পর রাত ১টা ২০ মিনিটের দিকে ফাহিম, সানি, সুজাতের সঙ্গে রেদোয়ান (১৭-১৮ সেশন), আরিফ (২০–২১ সেশন), মেহেদী (২০–২১ সেশন) এবং অজ্ঞাত আরও ২০–৩০ জন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সবাই ছাত্রদলের মামুন (বহিষ্কৃত নেতা) গ্রুপের কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা