প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাকসুর উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে সেমিনার

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষা নির্দেশনা বিষয়ক বিশেষ সেমিনার ও কনসালটেন্সি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া কনসালটেন্সি ক্যাম্পে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।

 

দুপুর ২টা থেকে শুরু হওয়া মূল সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চবি’র অধ্যাপক ড. এম সাহাব উদ্দিন, ড. মুমিন ও অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী। বক্তারা বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া, ভাষাগত দক্ষতা এবং প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী বলেন, “বিদেশে উচ্চশিক্ষা নিতে চাইলে প্রথম বর্ষ থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। আর ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।” তিনি চাকসুর প্রতি স্টুডেন্ট হেল্প সার্ভিস চালুর প্রস্তাবও দেন।

 

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রতি মাসে একটি করে সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর্থিক সহযোগিতার অভাবে অনেকসময় সমস্যা তৈরি হয়।”

 

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই আয়োজন তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা