বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. মো. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বসুন্ধরায় আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) কোর স্টাউটেন এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার লুবাইন মাসুম।
অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমিরের পররাষ্ট্র উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
দুই পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।