দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।
বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সারাদেশে ৭৮৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ২৫২ জন। ঢাকার বাইরে বিভাগভিত্তিক ভর্তি রোগীর সংখ্যা হলো—ঢাকা বিভাগে ১৩০ জন, বরিশালে ৮৭ জন, চট্টগ্রামে ১০৮ জন, খুলনায় ৬৬ জন, ময়মনসিংহে ৫৪ জন, রাজশাহীতে ৮৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮৭ হাজার ৭১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার তারতম্য ও পরিবেশগত কারণ ডেঙ্গুর প্রকোপ বাড়িয়ে দিচ্ছে।