প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানকে নিয়ে ‘ভুয়া তথ্য’ প্রচারের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করার আবেদন দাখিল হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি এ আবেদন জমা দেন।

আবেদনে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ (এম এইচ) এবং আরেকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাদীর জবানবন্দি রেকর্ড করা হলেও আদালত তাৎক্ষণিক কোনো নির্দেশ দেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম জানান, আদালত বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ১২ নভেম্বর এক রাজনৈতিক অনুষ্ঠানে ভার্চ্যুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন—বর্তমান প্রেক্ষাপটে গণভোটের চেয়ে কৃষকের আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি জরুরি। এ বক্তব্যের পর ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন—“৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে কৃষকদের দিলে আলু-পেঁয়াজের ন্যায্য দাম পাওয়া যেত।”

বলা হচ্ছে, তারেক রহমান কোনো বুলেটপ্রুফ গাড়ি ক্রয় করেননি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা