প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশসহ ২৪টি দেশের তরুণ সামরিক কর্মকর্তারা অংশ নেন এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে সনদ গ্রহণ করেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষিত গণতান্ত্রিক উৎসব। এই নির্বাচন যেন শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়—এজন্য আমরা সেনাবাহিনীর সহযোগিতা প্রত্যাশা করছি।”

জুলাইয়ের গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। তাদের সেই ভূমিকা ইতিহাসে স্থান করে নেবে।”

এবারের কোর্সে বাংলাদেশ, ভারত, চীন, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মোট ৩১১ জন সামরিক কর্মকর্তা অংশ নেন। কর্মকর্তারা জানান, এখানে অর্জিত নেতৃত্ব, কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতার শিক্ষা নিজেদের দেশ ও দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একজন বাংলাদেশি কর্মকর্তা বলেন, “এই প্রশিক্ষণ আমাদের যে কোনো জাতীয় সংকটে প্রস্তুত থাকতে সহায়তা করবে।”
এক আন্তর্জাতিক অংশগ্রহণকারী জানান, “ডিএসসিএসসি বৈশ্বিক মান বজায় রেখে প্রশিক্ষণ দেয়। ২৪টি দেশের কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করার ফলে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা