ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সচালক। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাগেরহাট থেকে রোগী বহন করে ঢাকায় আসছিল অ্যাম্বুলেন্সটি। পদ্মাসেতুর ঢালে পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ভেতরে আটকা পড়েন।
আহত চালক আশিক কুমার বিশ্বাস (৩১), বাগেরহাটের মালোপাড়া রোড এলাকার মৃত গোবিন্দ কুমারের ছেলে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি দেখা দিলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।