প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসির আচরণবিধিতে অসঙ্গতির অভিযোগ শিশির মনিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে আচরণবিধির বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি শিশির মনির। বুধবার (১৯ নভেম্বর) এ সংলাপে তিনি পোস্টার ব্যবহারের নিয়ম, শাস্তি আরোপের ক্ষমতা এবং অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ না থাকার বিষয়গুলো স্পষ্ট করার দাবি জানান।

শিশির মনির বলেন, আচরণবিধির ৭(ক) ধারায় পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হলেও ৭(ঘ) ধারায় পোস্টারসহ অন্যান্য প্রচারসামগ্রীর ওপর আলাদা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তার ভাষায়, “একদিকে বলছেন পোস্টার ব্যবহার করা যাবে না, আবার বলছেন পোস্টার সরানো যাবে না—এটা দ্বৈত নীতি।”

তিনি আরও অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে কারাদণ্ড বা জরিমানার কথা থাকলেও এসব শাস্তি আরোপের দায়িত্ব কার—তা নীতিমালায় স্পষ্ট নয়। এ বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা না থাকায় শাস্তি বাস্তবায়নে ধোঁয়াশা তৈরি হয়।

অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “অভিযোগ দিলাম, কিন্তু কখন নিষ্পত্তি হবে তা বলার কেউ নেই। নির্বাচন-পূর্ব অনিয়ম মোকাবিলায় অভিযোগ নিষ্পত্তির জন্য বাধ্যতামূলক সময়সীমা থাকা জরুরি।”

এছাড়া প্রতীক বরাদ্দের পর সব প্রার্থীর একই মঞ্চে ইশতেহার পাঠ ও আচরণবিধি মানার অঙ্গীকার—এই বিধানকে ঐচ্ছিক না রেখে বাধ্যতামূলক করার পরামর্শ দেন তিনি। এতে প্রার্থীদের মধ্যে সৌহার্দ্য বজায় থাকবে এবং ভোটাররাও স্পষ্ট বার্তা পাবেন বলে তার মন্তব্য।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা