প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোরের কাগজের সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার ঘটনায় যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে—ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়ার ঘটনাটির সঙ্গে মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশ মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বলে খবর ছড়ায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়েজ আহমদ তৈয়্যবকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এ বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এনইআইআর বাস্তবায়ন করা হচ্ছে। অবৈধ হ্যান্ডসেট নিয়ন্ত্রণে বিটিআরসি সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে বৈঠক করেছে। তবুও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার ওপর দায়িত্ব চাপাতে চাইছে—যা অনভিপ্রেত ও বিভ্রান্তিকর।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট সাংবাদিক বা তার পরিবার তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। বরং একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তদন্ত করে জানা যায়, জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিককে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব স্পষ্টভাবে জানান, সাংবাদিক মিজানুর রহমানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা পেশাগত সম্পর্ক নেই। এ ধরনের ‘প্রোপাগান্ডা’ মুক্ত মতপ্রকাশের পরিবেশকে বাধাগ্রস্ত করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে বলে তিনি মনে করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা