সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোকেও এই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে—এ কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৯ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে নির্বাচন কমিশন। আজকের সংলাপে প্রথম দফায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং বাংলাদেশ লেবার পার্টি অংশ নেয়।
দ্বিতীয় দফায় দুপুর ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে মতবিনিময়ে বসবে।
ইসির সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলো শৃঙ্খলাপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ, সমান সুযোগ নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির গুরুত্ব তুলে ধরে। গত দুই দিনে কমিশন ২৪টি রাজনৈতিক দলের সঙ্গেও মতবিনিময় করেছে।