প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুকসুদপুরে বিষ প্রয়োগে এক বিঘা পেঁয়াজের বীজতলা নষ্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিষ প্রয়োগে এক বিঘা পেঁয়াজের বীজতলা নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষক রাসেল ফকির। নষ্ট হয়ে গেছে তাঁর স্বপ্নের পেঁয়াজের চারা, ক্ষতির পরিমাণ অন্তত ৬ লাখ টাকা ।

 

এ ঘটনায় কৃষক রাসেল ফকির সোমবার (১৭ নভেম্বর) মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার এসআই শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

কৃষক রাসেল ফকির জানান, তিনি চাওচা গ্রামের মোট ২০ বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজের আবাদ করছিলেন। এর মধ্যে তিনটি দাগে এক বিঘা জমিতে বীজতলা প্রস্তুত করেন। বীজতলা তৈরিতে ৬০০ বস্তা ছাই ও ২৮ কেজি পেঁয়াজের বীজ ব্যবহার করা হয়েছে। চারা গজিয়ে দু’পাতা বের হওয়ার পরই একদিন বীজতলায় গিয়ে দেখেন চারাগুলো ঢলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, “চারা ঢলে পড়লে পানি স্প্রে করলে সাধারণত সুফল পাওয়া যায়। কিন্তু পানি দেওয়ার পরও কোনো সুফল পাইনি। ধারণা করছি, দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে আমার বীজতলা নষ্ট করে দিয়েছে। আমার তো কোনো শত্রু নেই, তারপরও এমন ঘটনা কেন ঘটলো বুঝতে পারছি না। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

 

বাটিকামারী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার তুষার বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ জানায়নি। তবে আমি চাওচা গ্রামে খোঁজ নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

 

মুকসুদপুর থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। পেঁয়াজের চারা গুলো ঢলে পড়ে নষ্ট হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা