লক্ষ্মীপুরে প্রধান শিক্ষক কর্তৃক অষ্টম শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস।
ছাত্রীদেরকে যৌন হয়রানি ও কু-প্রস্তাবের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী এবং অভিবাবকরা তার অপসারণ ও বিচারের দাবিতে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন।
এসময় খবর পেয়ে দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক উত্তম কুমার দাস তাদেরকে একাকী তার রুমে, ছাদের উপর, মেয়েদের ওয়াশরুমে ডেকে নেয়, বিভিন্ন অজুহাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। এছাড়াও তিনি অসচ্ছল ছাত্রীদের ফিশ-বেতন মওকুফের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দেন, তার বিরুদ্ধে একাধিক শিক্ষার্থী পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার ভয় দেখিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ করেন, এসব বিষয়ে মুখ খুললে বা কাওকে বললে পরীক্ষায় ফেল করিয়ে দেয়াসহ ধর্ষণ ও হত্যার হুমকি দেন।গত শনিবার রুপা নামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ওয়াশরুমে গেলে অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার দাস ওয়াশরুমে ঢুকে ওই শিক্ষার্থীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন, এক পর্যায়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ে এবং এলাকায় চাঞ্চল্যে ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী এ শিক্ষার্থীর মা বলেন, একজন শিক্ষক মা বাবার সমান মা বাবার পরে শিক্ষক সেখানে তিনি একজন প্রধান শিক্ষক হয়ে কিভাবে এমন কাজ করতে পারে, এর আগেও আমার মেয়ে কয়েকবার এমন অভিযোগ করেন, স্কুলে গেলে স্যার তাকে ডেকে কু-প্রস্তাব দেয়। পরবর্তীতে মান সন্মানের কথা বিবেচনা করে আমরা তার বিদ্যালয়ে আসা বন্ধ করে দেই। প্রায় দুই মাস পর আবারো সে নিয়মিত বিদ্যালয়ে আসা শুরু করে, গত কালকে মেয়েকে ওয়াশরুমে ধর্ষণের চেষ্টা করে, আমি এর সুষ্ঠু বিচার চাই।
বিদ্যালয় শিক্ষকরা বলেন, ওনার বিরুদ্ধে এধরণের অভিযোগ ইতিপূর্বে অনেকবার পেয়েছি, যেহেতু তিনি প্রধান শিক্ষক তাই উপযুক্ত প্রমানাধী না থাকায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি, গত শনিবারের ঘটনায় শিক্ষার্থীরা আমাদেরকে জানানোর পর আমরা কতৃপক্ষকে বিষয়টি অবগত করার সিদ্ধান্ত নিয়েছি, কতৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার দাস বলেন, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট, আমি দশ বছর এখানে শিক্ষকতা করি, আমার বিরুদ্ধে একটি চক্রান্ত করার অপচেষ্টা করছে, মেয়েদেরকে এগুলো মুখস্থ করিয়ে আমার বিরুদ্ধে লাগিয়েছে। আমার অপরাধ হচ্ছে আমি আওয়ামীলীগ তাই তারা আমার বিরুদ্ধে এই চক্রান্ত করতেছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, খবর পেয়ে আমি সেখানে প্রতিনিধি পাঠিয়েছি, বিদ্যালয় থেকে একটি লিখিত অভিযোগ দিলে তার প্রেক্ষিতে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।