প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে হাতাহাতির ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জেরে কলেজ কর্তৃপক্ষ বিকেলে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী কিছু বহিরাগতকে নিয়ে কলেজে প্রবেশ করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে দুই পক্ষের দুজন করে মোট চারজন আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনা নিয়ে দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে: কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিন রেজা দাবি করেন, তারা কলেজে নবীন বরণ অনুষ্ঠানের অনুমতির জন্য অধ্যক্ষের কাছে যাচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পরিচয়পত্র দেখতে চাওয়ায় বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং তাদের দুজনকে মারধর করা হয়।

সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন অভিযোগ করেন, শিবির তাকে ‘কবর দেওয়ার’ হুমকি দিয়েছে। তিনি আরও বলেন, শিবিরের সন্ত্রাসীরা বহিরাগতদের নিয়ে এসে তাদের কর্মীদের ওপর হামলা ও নির্যাতন করেছে। তারা সিটি কলেজে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

হাতাহাতির ঘটনার পর কলেজ ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশের সময় অবশ্যই পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কোনো বহিরাগত বা শিক্ষার্থীই এখন থেকে কলেজে প্রবেশ করতে পারবে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা