প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেখ হাসিনা-আসাদুজ্জামানের যত সম্পদ !

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের সঙ্গে তাদের দেশে থাকা সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি বাহারুল আলম এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল না করলে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে জানানো হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থী হয়ে নিজ নামে ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ ঘোষণা করেছিলেন। এতে নগদ ২৮ হাজার টাকা, ব্যাংকে ২ কোটি ৩৯ লাখ, সঞ্চয়পত্র ও এফডিআর ৮০ লাখ, তিনটি মোটরগাড়ি, ১৩ লাখ টাকার স্বর্ণ, আসবাবপত্র ও ১৫ দশমিক ৩ বিঘা কৃষিজমি অন্তর্ভুক্ত।

অপরদিকে, আসাদুজ্জামান খান ঢাকার ঢাকা-১২ আসন থেকে প্রার্থী হয়ে ১০ কোটি ২৫ লাখ টাকার সম্পদ ঘোষণা করেন। এতে নগদ ৮৪ লাখ, ব্যাংকে ৮২ লাখ, বন্ড ও শেয়ার ২৪ লাখ, স্থায়ী আমানত ও সঞ্চয়পত্র ২ কোটি ১ লাখ, মোটরগাড়ি ১ কোটি ৬১ লাখ, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র ২ লাখ, ব্যবসার মূলধন ২ কোটি ২০ লাখ এবং ১৭১ শতাংশ কৃষিজমি সহ অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পদ অন্তর্ভুক্ত। এছাড়া তিনি ১০ ভরি স্বর্ণও দেখান।

রায়ের ফলে দেশের বৃহৎ রাজনৈতিক দুই ব্যক্তির সম্পদের তথ্যও জনসমক্ষে এসেছে এবং এই বাজেয়াপ্তির মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা