আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভোটের ব্যালটে জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত চারটি মূল সাংবিধানিক বিষয়ে একত্রে জনমত নেওয়া হবে। ইতোমধ্যে গণভোটের জন্য খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে গণভোটের খসড়া প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ভোটাররা চারটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ধারার বিষয়ে একটিমাত্র প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত দেবেন।
প্রস্তাবিত চারটি বিষয় হলো—
ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদ অনুযায়ী পুনর্গঠন।
খ. সংসদকে দুই কক্ষবিশিষ্ট করা; যেখানে জাতীয় সংসদের ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সম্মতি বাধ্যতামূলক হবে।
গ. নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির নেতৃত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার সম্প্রসারণ ও স্থানীয় সরকার শক্তিশালীকরণসহ জুলাই সনদের ৩০ দফা ঐকমত্য বাস্তবায়নে নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
ঘ. জুলাই সনদের অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
গণভোটের দিন এক ভোটেই জনগণ এই চারটি প্রস্তাবের প্রতি সম্মতি বা অসম্মতি জানানোর সুযোগ পাবেন।