এশিয়া কাপ বাছাই পর্বে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে বসবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। দুই দলের পারফরম্যান্স অনুজ্জ্বল হলেও ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে সমর্থকদের মাঝে।
হামজা চৌধুরী ও শমিত শোমের মতো নতুন মুখ দলের শক্তিতে ভিন্ন মাত্রা যোগ করায় দর্শকদের আগ্রহ বেড়েছে আরও কয়েকগুণ। এর ফল মিলেছে টিকিট বিক্রিতে—অনলাইনে টিকিট ছাড়ার মাত্র ছয় মিনিটেই বিক্রি শেষ হয়ে যায় সবগুলো।
যারা মাঠে যেতে পারবেন না, তাদের জন্য রয়েছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। টি-স্পোর্টস টিভিতে ম্যাচ দেখানো হবে লাইভ। পাশাপাশি টি-স্পোর্টস অ্যাপেও সাবস্ক্রিপশন দিয়ে স্ট্রিমিং করা যাবে। লাইভ স্কোর জানতে অলফুটবল ও সোফাস্কোর-এর মতো অ্যাপও ভরসা হতে পারে। আর ব্রাউজিংয়ের মাধ্যমে লাইভ দেখতে চাইলে স্পোর্টজিফাই নামিয়ে নেওয়া যাবে গুগোল বা ক্রোম ব্রাউজার থেকেই।
বাছাইয়ের পয়েন্ট টেবিলে সমান চার ম্যাচে দুই ড্র ও দুই হারের সংগ্রহ নিয়ে বাংলাদেশ আছে তিনে, আর ভারত অবস্থান করছে সবার নিচে চারে। তবুও প্রতিবেশী দু’দলের লড়াই মানেই আলাদা রোমাঞ্চ—আজও সেই উত্তেজনার কমতি নেই।