রাজশাহীর বাঘা উপজেলার মর্শিদপুর পশ্চিমপাড়ায় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হলো দ্বিতীয় তাফসীরুল কুরআন মাহফিল। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজনটি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে।
অনুষ্ঠানে প্রথম বয়ান পেশ করেন ধর্মীয় আলোচক ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন নাটোর শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান নাটোরী। কুরআনের আলোকে নৈতিকতা ও সমাজ সংস্কার বিষয়ে তাৎপর্যপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন তিনি।
এরপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ ও বাংলাদেশ আল-কোরআন গবেষণা পরিষদ রাজশাহী জেলার সভাপতি মাওলানা মুস্তাকিম আহম্মেদ হৃদয়স্পর্শী তাফসীর পেশ করেন।
তৃতীয় বক্তা হিসেবে বয়ান করেন ইসলামী গবেষক ও মুফাসসির হাফেজ মাওলানা ওমর ফারুক (বগুড়া)। দৈনন্দিন জীবনে কুরআনের শিক্ষা অনুসরণের গুরুত্ব তিনি তুলে ধরেন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুজ্জামান খান (মানিক)। তিনি বলেন, “ইসলাম মানবতার ধর্ম। তাফসীরুল কুরআনের মতো আয়োজন সমাজে শান্তি ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দেয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা শাখার আমির মো. আব্দুল্লাহ আল মামুন (নূহ)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ওয়ার্ড সভাপতি মো. শাজাহান আলী সরকার।
মাহফিল উপলক্ষে পশ্চিমপাড়ায় সৃষ্টি হয় ধর্মপ্রাণ মানুষের স্রোত। হাজারো মানুষ গভীর মনোযোগে আলোচনায় শ্রবণ করেন তাফসীর।