প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে বিএনপির হামলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কিশোরগঞ্জের মিঠামইনে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। প্রায় ৬০-৭০ জন নেতাকর্মী এতে অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মিছিলটি মিঠামইন বাজার থেকে বের হয়ে কামালপুর গ্রামের দিকে ২০-২৫ জন সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হঠাৎ হামলা চালান। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় উপজেলা যুবলীগ নেতা মো. পাভেল হোসেনের বাড়িতেও ঢিল ছোড়া হয়, তবে কোনো ভাঙচুর বা হতাহত হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিঠামইনে একটি আনন্দ মিছিল শেষে ঘটনাটি ঘটে। এ সময় বসতঘরের কিছু আসবাবপত্র, দরজা, জানালাসহ কয়েকটি ছবি ভাঙচুর করা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা