জুলাইয়ের গণ–অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে ভুক্তভোগীদের জন্য “একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক” হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)। সোমবার রায় ঘোষণার পর সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ওএইচসিএইচআরের তদন্ত রিপোর্টের পর থেকেই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সব অভিযুক্তকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছিল। সে ধারাবাহিকতায় ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, মৃত্যুদণ্ডের রায়ের পর ভারত থেকে পাঠানো লিখিত প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, বিচারটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট। তার বক্তব্য, “আমাকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি, পছন্দের আইনজীবীর উপস্থিতিও নিশ্চিত করা হয়নি।”
নিজের বিচার হেগে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতে হলে আমি ভীত নই। বহুবার সরকারের কাছে আবেদন করলেও কোনো সাড়া পাইনি।”
বিবৃতিতে শেখ হাসিনা আরও দাবি করেন, তার বিপক্ষে আনা অভিযোগ “মিথ্যা ও মনগড়া”। জুলাই–আগস্টে নিহত প্রত্যেক ব্যক্তির মৃত্যুতে তিনি ব্যথিত বলে উল্লেখ করে বলেন, কোনো আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ তিনি বা তার সহকর্মীরা দেননি।
তিনি আইসিটিকে “নিরপেক্ষ নয়” বলে আখ্যা দিয়ে অভিযোগ করেন, তার প্রতি সহানুভূতিশীল বিচারক-আইনজীবীদের চাপের মুখে সরিয়ে দেওয়া হয়েছে এবং কেবল আওয়ামী লীগকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি। তার ভাষায়, “ড. মুহাম্মদ ইউনূসের দুর্বল প্রশাসনের ব্যর্থতা আড়াল করতেই এই বিচার সাজানো হয়েছে।”
আইন বিশেষজ্ঞরা বলছেন, আইসিটি আইন অনুযায়ী পলাতক অবস্থায় অনুপস্থিতিতেই বিচার চালানোর বিধান সুস্পষ্ট। সেক্ষেত্রে রায় বাতিল কিংবা বিদেশে স্থানান্তরের সুযোগ নেই।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার কঠোর বক্তব্যের মাধ্যমে ভারতীয় রাজনৈতিক মহলে চাপ সৃষ্টি, নিজ দলের মনোবল ধরে রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে সহানুভূতি অর্জন—এই তিন উদ্দেশ্যই স্পষ্ট।
এদিকে রায় কার্যকরের জন্য বাংলাদেশকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হলে ভারতের সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।