প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাসিনার রায়কে মানবাধিকার অগ্রগতির গুরুত্বপূর্ণ ধাপ বলল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণাকে “মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত” বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (OHCHR)।

 

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে জানান, গত বছরের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এতদিন ধরে যারা ন্যায় বিচার প্রত্যাশা করছিলেন—এই রায় তাদের জন্য আশা জাগিয়েছে।

 

ওএইচসিএইচআরের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি আরও বলেন, সংস্থাটি দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত নির্দেশদাতা ও শীর্ষ পর্যায়ের সংশ্লিষ্টদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে।

 

অপরদিকে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবু হেনা রাজ্জাকী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “দুই অভিযুক্তই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। রায় কার্যকর করতে হলে তাদের ফেরত আনতে হবে।”

 

জাতিসংঘের মানবাধিকার উচ্চকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ যেন সত্য উদ্ঘাটন, ন্যায়বিচার ও ক্ষতিপূরণের সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় পুনর্মিলনের পথে অগ্রসর হয়। সেই সঙ্গে নিরাপত্তা খাতসহ রাষ্ট্রযন্ত্রে গভীর ও কাঠামোগত সংস্কার আনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক মান নিশ্চিত করে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী জাতিসংঘ বলেও উল্লেখ করেন।

 

রাভিনা শামদাসানি আরও বলেন, “২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত আমাদের অনুসন্ধান-প্রতিবেদনে আমরা স্পষ্টভাবে বলেছি—ভুক্তভোগীদের উপযুক্ত প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আর আন্তর্জাতিক অপরাধের বিচার যেন স্বচ্ছতা ও ন্যায়ের মানদণ্ড পূরণ করে, তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা